কোরবানির মাংস কাটাকাটিতে অসাবধানতা, ঢাকায় অন্তত ৮০ জন আহত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১২:০৯ পিএম
ঈদুল আজহার দিনে রাজধানীতে কোরবানির পশু জবাই ও মাংস কাটাকাটির সময় অসাবধানতাবশত অন্তত ৮০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এসব আহত ব্যক্তিরা চিকিৎসা নেন।
ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা প্রায় ২০ জনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ পাঠানো হয়েছে।
আহতরা পুরান ঢাকা, লালবাগ, ওয়ারী, কোতোয়ালি, সূত্রাপুর, চকবাজার, হাজারীবাগ, বংশাল, সবুজবাগ, উত্তরা, বাড্ডা, ধানমণ্ডি, কলাবাগান, মিরপুর ও পল্লবীসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কলিন্স মল্লিক জানান, আহতদের অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, গরুর লাথি ও শিংয়ের আঘাত, পাশাপাশি মাংস কাটতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে এসব দুর্ঘটনা ঘটে। কিছু ক্ষেত্রে অসাবধানতাও বড় ভূমিকা রেখেছে।
সূত্র: কালের কণ্ঠ
এনএফ৭১/ওতু
বিষয়:
