ঈদে ঢাকা দক্ষিণ সিটিতে ১৩ হাজার টন বর্জ্য অপসারণ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১২:০৮ পিএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ঈদের প্রথম দিনেই প্রায় ১৩ হাজার টন বর্জ্য সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টায় নগর ভবনের শীতলক্ষ্যা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ তথ্য জানান।
তিনি বলেন, ঈদের দিন দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় মোট ১ লাখ ১৮ হাজার ৭৮৯টি পশু কোরবানি হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস প্রচেষ্টায় রাত সাড়ে ৮টা পর্যন্ত ১২ হাজার ৬৮৪ টন বর্জ্য ল্যান্ডফিলে অপসারণ করা হয়, যা মধ্যরাতের মধ্যে প্রায় ১৮ হাজার টনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
ডিএসসিসি প্রশাসক আরও জানান, কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৭১টি ওয়ার্ড ইতিমধ্যে সম্পূর্ণ বর্জ্যমুক্ত ঘোষণা করা হয়েছে। বাকি চারটি ওয়ার্ডেও প্রায় ৯০ শতাংশ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে।
অস্থায়ী পশুর হাটগুলোর বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, ইতিমধ্যে প্রায় ৬৫ শতাংশ হাটের বর্জ্য পরিষ্কার করা হয়েছে এবং বাকি অংশ দ্রুত শেষ করার কাজ চলছে।
তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যেই পুরো ঢাকা দক্ষিণ সিটিকে সম্পূর্ণ পরিচ্ছন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। পরিচ্ছন্নতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে দ্রুত অগ্রগতি সম্ভব হয়েছে।
নগরবাসীর সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ঢাকা গড়ে তুলতে সবাইকে আরও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:
