ঈদুল আজহার শিক্ষা হৃদয়ে ধারণ করে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১২:০০ পিএম

সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পবিত্র ঈদুল আজহার মহান আদর্শ ও মূল্যবোধ হৃদয়ে ধারণ করে ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান। ঈদের দিন সকালে বঙ্গভবনে ধারণ করা ভিডিও বার্তায় রাষ্ট্রপতি দেশবাসী এবং বিশ্বের মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

রাষ্ট্রপতি বলেন, “আসুন বিভেদ নয়—ঐক্য, হিংসা নয়—সহমর্মিতা, স্বার্থপরতা নয়—ন্যায়পরায়ণতা, বৈষম্য নয়—সাম্য—এই ঈদুল আজহার শিক্ষা আমরা হৃদয়ে ধারণ করি।”

তিনি আরও বলেন, ঈদুল আজহা মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, আত্মত্যাগ, সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি দৃঢ় করে। এই উৎসব বিদ্বেষ, অহংকার ও মনের পশুত্বকে ত্যাগ করার এক চিরন্তন আহ্বান বহন করে।

রাষ্ট্রপতি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দরিদ্র, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় সচেতন থাকার ওপরও গুরুত্ব দেন। কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নাগরিকদের সহযোগিতা কামনা করেন।

ঈদের দিন সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি বঙ্গভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক, বিচারপতি, রাজনীতিক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, সশস্ত্র বাহিনীর প্রধান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে সকালে ঈদের নামাজ শেষে তিনি গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top