জাতীয় চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড়
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১০:৫১ এএম
রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় নতুন আকর্ষণ হয়ে উঠেছে আলোচিত সাদা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। ঈদুল আজহার দিন বৃহস্পতিবার বিকেল থেকেই মহিষটিকে এক নজর দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা।
চিড়িয়াখানার ‘এল-০৭’ নম্বর খাঁচায় রাখা হয়েছে অ্যালবিনো প্রজাতির এই মহিষটিকে। খাঁচার সামনে ঝুলানো পরিচিতি বোর্ডে লেখা রয়েছে— ‘অ্যালবিনো বাফেলো (সাদা মহিষ-ডোনাল্ড ট্রাম্প)’। দর্শনার্থীদের অনেকে মহিষটির চুলের স্টাইলের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিল খুঁজে মন্তব্যও করছেন।
ঈদের দিনে চিড়িয়াখানায় দর্শনার্থী তুলনামূলক কম থাকলেও এই মহিষটির খাঁচার সামনে ছিল উপচে পড়া ভিড়। নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে দায়িত্ব পালন করতে দেখা যায় ট্যুরিস্ট পুলিশ সদস্যদের।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর মো. আতিকুর রহমান জানান, বুধবার রাত ১১টার দিকে মহিষটিকে চিড়িয়াখানায় আনা হয়। নতুন ও আলোচিত প্রাণী হওয়ায় সকাল থেকেই দর্শনার্থীদের আগ্রহ দেখা যাচ্ছে। গাড়ি থেকে নামানোর সময় শরীরে সামান্য আঁচড় লাগে, তবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং দ্রুত সেরে উঠবে বলে জানান তিনি।
নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জিয়াউদ্দিন মৃধার রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন-পালন করা হচ্ছিল মহিষটি। এর ব্যতিক্রমী চুলের কারণে পরিবারের সদস্যরা এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হলে দেশ-বিদেশে ব্যাপক আলোচনায় আসে মহিষটি।
দেশীয় সংবাদমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও স্থান পায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের খবর। পরে কেরানীগঞ্জের ব্যবসায়ী মনিরুজ্জামানের কাছে বিক্রি করা হলেও ঈদের আগের দিন প্রশাসনের হস্তক্ষেপে সেটিকে জাতীয় চিড়িয়াখানায় নিয়ে আসা হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:
