মোদির ঈদ শুভেচ্ছার জবাবে কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০৮:৫৩ এএম

সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঠানো শুভেচ্ছা বার্তার জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মোদিকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশা ব্যক্ত করেন।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও দেশের জনগণের উদ্দেশে আন্তরিক শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। ঢাকার ভারতীয় হাইকমিশনের বরাত দিয়ে পাঠানো বার্তায় তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যে জনকল্যাণমূলক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শুভেচ্ছা বার্তায় মোদি বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের চিরন্তন মূল্যবোধ ধারণ করে, যা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বাংলাদেশের জনগণকে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছাও জানান।

ভারতের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, পারস্পরিক আত্মত্যাগ, সাংস্কৃতিক বন্ধন এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে ভারত ও বাংলাদেশের সম্পর্ক গভীর হয়েছে। দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করতে ভারত বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।

এর জবাবে ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, ঈদুল আজহার এই আনন্দঘন সময়ে শুভেচ্ছা জানানোর জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাচ্ছেন। একই সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও সৌহার্দ্যের ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন।

তিনি ভবিষ্যতে দুই দেশের জনগণের মধ্যে সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top