এসি বন্ধ থাকায় ৬ নবজাতকের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা হাসপাতাল কর্তৃপক্ষের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০১:৫২ পিএম
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ এটিকে ‘দুর্ঘটনাজনিত’ বলে দাবি করেছে। তাদের ধারণা, ওয়ার্ডে পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকা এবং এসি বন্ধ থাকায় শ্বাসকষ্ট বা সাফোকেশনের ঘটনা ঘটে থাকতে পারে।
বুধবার (২৭ মে) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসপাতালের মহাপরিচালক (হসপিটালস অ্যান্ড নার্সিং) অধ্যাপক ডা. নাহিদা ইয়াসমিন এ তথ্য জানান।
তিনি বলেন, যে ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে সেখানে ১১ জন মা ও ছয়জন সদ্য জন্ম নেওয়া শিশু ছিলেন। সিজারের পর নিয়মিতভাবেই ওই ওয়ার্ডে মা ও নবজাতকদের রাখা হয়।
ডা. নাহিদা ইয়াসমিনের ভাষ্য, ওয়ার্ডটি শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় অনেক সময় রোগী বা স্বজনরা অতিরিক্ত ঠাণ্ডার কারণে এসি বন্ধ রাখার অনুরোধ করেন। ঘটনার রাতেও এমন কিছু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, রাত ৩টার দিকে দুটি শিশু অসুস্থ হয়ে পড়লে তাদের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (NICU)-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে শিশুদের স্থিতিশীল মনে করে আবার ওয়ার্ডে পাঠিয়ে দেন।
তবে ভোর ৬টার পর দায়িত্বরত নার্স ও মায়েরা শিশুদের গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে ছয় নবজাতককেই NICU-তে নেওয়া হলে দুই শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চারজনকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হলেও শেষ পর্যন্ত তাদেরও বাঁচানো সম্ভব হয়নি।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্ট কক্ষে পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা না থাকায় অক্সিজেনের ঘাটতি তৈরি হতে পারে। এ কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
