নর্দায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ৪

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০১:২১ পিএম

সংগৃহীত

রাজধানীর নর্দা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। বুধবার (২৭ মে) সকালে ভাটারা থানা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। দুর্ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতরা হলেন— লাইজু বেগম (৩৮), কবির জমাদ্দার (৪৭), খুশি বেগম (৩৫) ও মো. রবিউল (২২)। নিহতদের মধ্যে তিনজনের বাড়ি বাগেরহাটে এবং একজনের বাড়ি পটুয়াখালীতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গুলিস্তানগামী আকাশ পরিবহনের একটি বাস নর্দা এলাকা অতিক্রম করছিল। এ সময় পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডার ভেঙে বিপরীত পাশে উঠে যায়। পরে সেটি আকাশ পরিবহনের বাসটিকে জোরালো ধাক্কা দেয়।

সংঘর্ষে আকাশ পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।

খবর পেয়ে সকাল সোয়া ৬টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহায়তায় আহত অন্তত ১৩ জনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে দুজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন মারা যান।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি বাসই জব্দ করে থানায় নেওয়া হয়েছে। রেকার দিয়ে বাস সরিয়ে নেওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top