ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ১০:০৩ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহ যেন সবার কোরবানি ও ইবাদত কবুল করেন এবং তার রহমত ও বরকতে মানুষের জীবন শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে।
মঙ্গলবার (২৬ মে) নিজের পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান লেখেন, ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দ্বারে এসেছে পবিত্র ঈদুল আজহা। এই শুভক্ষণে তিনি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে ঈদ মোবারক জানান।
তিনি আরও বলেন, ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, এটি মহান আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন ও ত্যাগের প্রতীক। হযরত ইব্রাহিম (আ.)–এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং আত্মত্যাগের মহান দৃষ্টান্তই এই দিবসকে মুসলিম উম্মাহর কাছে গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, মহান আল্লাহ যেন সবার ত্যাগ কবুল করেন এবং বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনা করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
