১৪ বছর পর বাংলাদেশি নারী হিসেবে ইতিহাস গড়লেন নুরুন্নাহার নিম্নি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০৯:২৩ এএম

সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাংলাদেশের পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি। বুধবার (২৭ মে) নেপাল সময় সকাল ৫টা ২৪ মিনিটে এভারেস্টের চূড়ায় উঠে বাংলাদেশের পতাকা ওড়ান তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।

এর মাধ্যমে অষ্টম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন নিম্নি। একই সঙ্গে ১৪ বছর পর কোনো বাংলাদেশি নারী আবারও বিশ্বের সর্বোচ্চ শিখরে পৌঁছালেন। এর আগে ২০১২ সালে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন এভারেস্ট জয় করেছিলেন।

গত ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালের উদ্দেশে যাত্রা শুরু করেন নিম্নি। প্রতিকূল আবহাওয়া মোকাবিলা করে অবশেষে ২৫ মে ‘সামিট পুশ’ শুরু করেন তিনি। ক্যাম্প-৪ থেকে চূড়ান্ত আরোহণ শেষে বুধবার ভোরে পৌঁছে যান বিশ্বের সর্বোচ্চ শিখরে।

বর্তমানে পূবালী ব্যাংক পিএলসি–এর প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত নিম্নি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়–এর ভূতত্ত্ব বিভাগে। পাহাড়ের প্রতি ভালোবাসা থেকেই তার পর্বতারোহণে যাত্রা শুরু।

নুরুন্নাহার নিম্নির এই অর্জনে বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে যুক্ত হলো নতুন এক গৌরবগাথা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top