ঈদুল আজহায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মির্জা ফখরুলের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৫:৪৪ পিএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৬ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
মির্জা ফখরুল বলেন, ইসলাম ধর্মের অন্যতম প্রধান উৎসব ঈদুল আজহা, যা ত্যাগ ও আত্মসমর্পণের মহিমান্বিত শিক্ষা বহন করে। আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে অনুষ্ঠিত এই উৎসব মুসলিম উম্মাহকে আত্মশুদ্ধি ও মানবকল্যাণে উদ্বুদ্ধ করে।
তিনি আরও বলেন, কোরবানির মূল শিক্ষা হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও নিঃশর্ত আনুগত্য প্রকাশ। এর মাধ্যমে মানুষ আত্মত্যাগের মানসিকতা অর্জন করে এবং মানবসেবায় নিজেদের নিয়োজিত করতে অনুপ্রাণিত হয়।
বিএনপি মহাসচিব মন্তব্য করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব উৎসবই মানুষের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও সৌহার্দ্য বাড়ায়। তাই ঈদের আনন্দ সমাজের সব স্তরের মানুষের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:
