বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, হাসনাতের বক্তব্য আদালত অবমাননার শামিল: আইনমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৪:০৮ পিএম
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। তবে বিচারক ও আইনজীবী সংকটের কারণে দেশে অনেক মামলার বিচারপ্রক্রিয়া দীর্ঘ হচ্ছে।
মঙ্গলবার (২৬ মে) সকালে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ-র ‘আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয়’— এমন বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, “এ ধরনের মন্তব্য আদালত অবমাননার শামিল। বিচারকরা সম্পূর্ণ স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করেন।”
তিনি আরও বলেন, “বিচার বিভাগ স্বাধীন বলেই তাদের নেতাকর্মীরা গ্রেপ্তারের পরদিনই জামিন পেয়েছেন।”
বাংলাদেশের বিচারব্যবস্থা অন্য অনেক দেশের তুলনায় বেশি স্বাধীন দাবি করে আইনমন্ত্রী বলেন, দেশে মামলা জটের অন্যতম কারণ বিচারক সংকট। পাশাপাশি ট্রায়ালে অংশ নেওয়ার মতো পর্যাপ্ত আইনজীবী না থাকায় বিচারপ্রক্রিয়া ধীরগতির হচ্ছে।
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিক বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, “ঝিনাইদহে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে যা হয়েছে, সেখানে পুলিশের দায়িত্ব পালনে কোনো ঘাটতি ছিল না। বিচারকরাও স্বাধীনভাবে কাজ করেছেন। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”
এ সময় ডা. রাশেদ আল মামুন-সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
