জঙ্গল সলিমপুরে হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৩:০৬ পিএম
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের দুঃসাহসিক হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা যে দুঃসাহস দেখিয়েছে, এর জবাব দেওয়া হবে।” তিনি আরও জানান, ওই এলাকায় পুলিশের ট্রেনিং সেন্টার এবং একটি জেলখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে।
তিনি দাবি করেন, পূর্ববর্তী সময়ে আইনশৃঙ্খলার দুর্বলতার কারণে জঙ্গল সলিমপুর একটি “সন্ত্রাসীদের অভয়ারণ্য” হয়ে উঠেছিল। তবে দ্রুত সময়ের মধ্যেই পুরো এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।
মন্ত্রী আরও বলেন, সীমান্তে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল নয় এবং সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ৯ মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে বড় ধরনের যৌথ অভিযান পরিচালিত হয় ওই এলাকায়। অভিযানের পর সেখানে প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও স্থায়ী চৌকি স্থাপন করা হয়।
তবে গত রোববার দিবাগত রাতে জঙ্গল সলিমপুরে র্যাব ও পুলিশের অস্থায়ী ক্যাম্পে প্রায় ২০০–৩০০ জন সশস্ত্র ব্যক্তি হামলা চালায় বলে জানা যায়। এ সময় একটি নির্মাণাধীন অস্থায়ী ক্যাম্প ভাঙচুর করা হয় এবং যোগাযোগ রুট ক্ষতিগ্রস্ত করা হয়।
র্যাব জানায়, আগামী ৩১ মে স্বরাষ্ট্রমন্ত্রীর ওই এলাকা পরিদর্শনের কথা রয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
