ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০২:০১ পিএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতের জন্য বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ঈদের সময় সম্ভাব্য বাড়তি চাহিদা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং পুরো কার্যক্রম সরাসরি মনিটরিং করা হচ্ছে।
বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ বলেন, ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
ঈদের টানা ছুটিতে জাতীয় পর্যায়ে বিশেষ তদারকি ব্যবস্থা চালু রাখা হয়েছে, যাতে সারাদেশে বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জানান, ঈদের সময় বিদ্যুতের চাহিদা সাধারণত কম থাকে এবং আবহাওয়ার কারণে চাহিদা আরও কমতে পারে। তবে সম্ভাব্য চাহিদা ১২ থেকে ১৩ হাজার মেগাওয়াট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, কিছু ইউনিট রক্ষণাবেক্ষণে থাকলেও বিকল্প জ্বালানি ব্যবহার করে উৎপাদন সক্ষমতা বজায় রাখা হয়েছে। জাতীয় গ্রিড সচল রাখতে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সর্বোচ্চ উৎপাদনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) নিজ নিজ এলাকায় বিশেষ টিম গঠন করেছে।
বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের আগেভাগে রিচার্জ সম্পন্ন করার পরামর্শ দিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
