ইরাকে সড়ক দুর্ঘটনায় জামালপুরের দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০১:৫৯ পিএম

সংগৃহীত

ইরাকের কুর্দিস্তান এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বাংলাদেশ সময় গত রোববার ভোর আনুমানিক ৪টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মনোহার আলী (৩৫) এবং বজলু (৪০)। তারা ইরাকে একটি কনফেকশনারি দোকানে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মনোহার আলী প্রায় চার বছর আগে ঋণ করে ইরাকে যান। বৈধ পারমিট না থাকায় তিনি বিভিন্ন কাজ করে দেশে টাকা পাঠাতেন, তবে এখনো ঋণের বোঝা পুরোপুরি শোধ হয়নি। তার মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

অন্যদিকে বজলুও প্রায় দেড় বছর আগে ধারদেনা করে প্রবাসে যান। দুর্ঘটনার আগের দিন রাতে দুই পরিবারের সঙ্গে তাদের শেষ কথা হয়, যেখানে তারা পরিবারের খোঁজখবর নেন এবং দেশে ফেরার ইচ্ছার কথাও জানান।

একই দিন সকালে ঝড়ে মনোহার আলীর পরিবারের ঘরের চাল উড়ে যাওয়ায় তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে চরম বিপাকে পড়েছেন বলেও জানা গেছে।

এ ঘটনায় নিহতদের পরিবার দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।

সুমন চৌধুরী এবং মাদারগঞ্জ মডেল থানার ওসি জানান, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন। মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য দূতাবাসে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top