বৃষ্টিতে সদরঘাটে লঞ্চ চলাচল বন্ধ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০১:৫৭ পিএম

সংগৃহীত

সারাদেশে বৈরী আবহাওয়ার কারণে নৌ-যোগাযোগে বিঘ্ন ঘটছে। ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার প্রভাবে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকেও সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় (এসএমএস) এ তথ্য জানানো হয়।

এর আগে সকালে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট এবং আরিচা-কাজিরহাট নৌরুট-এ ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

ঘাট কর্তৃপক্ষ জানায়, বেলা ১১টা ২০ মিনিটের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হলে দুর্ঘটনা এড়াতে নৌ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় দুপুর ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। যদিও সদরঘাটসহ অন্যান্য রুটে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top