গাজীপুরে শিল্পকারখানায় দ্বিতীয় ধাপে ছুটি, মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০১:৫৩ পিএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিল্পনগরী গাজীপুর-এর সব শিল্পকারখানায় দ্বিতীয় ধাপে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে মঙ্গলবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক-এ ঘরমুখো মানুষের ব্যাপক চাপ দেখা দিয়েছে।
সকাল থেকেই ছুটি পাওয়া শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে গ্রামের পথে রওনা হচ্ছেন। এতে চন্দ্রা-গাজীপুর ও চন্দ্রা-নবীনগর সড়কের বিভিন্ন অংশে যাত্রী ও যানবাহনের চাপ দ্রুত বেড়ে যায়। দুপুরের পর মহাসড়কে তীব্র যানজটের আশঙ্কাও করা হচ্ছে।
এর আগে সোমবার গাজীপুরের প্রায় ৪০ শতাংশ শিল্পকারখানা ছুটি ঘোষণা করলে রাতভর উত্তরাঞ্চলমুখী মহাসড়কে যানজটের চাপ তৈরি হয়। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত হাজারো মানুষ নিজ নিজ গন্তব্যে রওনা দেন, এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
মঙ্গলবার সকালে চন্দ্রা ত্রিমোড় এলাকায় দেখা যায় ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। পরিবার, ব্যাগপত্র ও ঈদের কেনাকাটা নিয়ে বাসের অপেক্ষায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের। অনেকেই অভিযোগ করেন, দীর্ঘ অপেক্ষার পরও কাঙ্ক্ষিত পরিবহন পাওয়া যাচ্ছে না এবং অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে।
রংপুরগামী এক যাত্রী প্রদীপ বলেন, সকালে কারখানা ছুটির পর বাড়ির উদ্দেশ্যে রওনা হলেও কয়েকটি বাসে কথা বলেও অতিরিক্ত ভাড়ার কারণে যাত্রা কঠিন হয়ে পড়েছে।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, সব কারখানা একসঙ্গে ছুটি হওয়ায় শেষ মুহূর্তে যাত্রীর চাপ কয়েকগুণ বেড়ে গেছে। ফলে উত্তরবঙ্গমুখী মহাসড়কে যানজট আরও বাড়তে পারে।
সাউগাতুল আলম বলেন, “গতকাল ৪০ শতাংশ কারখানা ছুটি হয়েছিল, আজ বাকি ৬০ শতাংশও ছুটি হয়েছে। ফলে মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ অনেক বেশি থাকবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।”
এনএফ৭১/ওতু
বিষয়:
