দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কালশী বস্তির ভয়াবহ আগুন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ১১:৩৫ এএম
রাজধানীর কালশী বস্তিতে লাগা ভয়াবহ আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সোমবার রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে বস্তির প্রায় ৩০০ ঘর পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এখন পর্যন্ত হতাহত, ক্ষয়ক্ষতি কিংবা আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আরও ইউনিট যুক্ত করা হয়। শেষ পর্যন্ত ১৫টি ইউনিটের প্রায় ১২৩ জন ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রণে অংশ নেন।
আজাদ আনোয়ার জানান, সংকীর্ণ রাস্তা ও পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আগুন পুরোপুরি নির্বাপণের কাজ চলমান।
তিনি আরও বলেন, স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবী, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার ও আগুন নেভানোর কাজে সহায়তা করেছেন।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় বস্তিবাসীদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছেলের দেওয়া আগুনে তাদের বসতঘর ও জীবনের সব স্বপ্ন পুড়ে গেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের উৎস ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে শিগগিরই তদন্ত শুরু করা হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:
