ঈদুল আজহায় বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন রাষ্ট্রপতি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ১১:৩০ এএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৮ মে বঙ্গভবনে ঈদ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সারওয়ার আলম সোমবার জানান, ঈদের দিন সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গভবনের দরবার হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। একই সঙ্গে রাষ্ট্রপতি গণমাধ্যমের মাধ্যমে দেশবাসী ও মুসলিম উম্মাহর উদ্দেশে ঈদের শুভেচ্ছা বার্তাও প্রদান করবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ রাজনীতিক, বিচারপতি, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, কূটনীতিক এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতিরা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা, উপদেষ্টাবৃন্দ, বিদেশি কূটনীতিক, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, শিল্পী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী প্রতিনিধি এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
বঙ্গভবন সূত্র জানায়, অতিথিদের জন্য ঐতিহ্যবাহী খাবারের বিশেষ আয়োজন রাখা হয়েছে। সংবর্ধনা শেষে রাষ্ট্রপতি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন বলেও জানা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
