ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর রাজকীয় বিদায়
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ১০:৪২ এএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশে আলোচনায় আসা ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে রাজকীয় আয়োজনে বিদায় জানিয়েছে নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্ম। সোমবার বিকেলে মহিষটির ক্রেতা সেটিকে নিতে এলে লাল গালিচা সংবর্ধনা, রঙিন স্মোক শো ও বিশেষ সাজসজ্জার মধ্য দিয়ে বিদায় দেওয়া হয়।
দুপুর থেকেই খামারের কর্মীরা আলভিনো জাতের এই মহিষটিকে গোসল করিয়ে বিদায়ের প্রস্তুতি নিতে থাকেন। পরে মহিষটির গায়ে রাজকীয় পোশাক পরিয়ে লাল গালিচায় হাঁটিয়ে আনা হয়। এসময় চারপাশে রঙিন কালার স্মোক ছড়িয়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করা হয়।
বিদায়ের মুহূর্তে খামার মালিকপক্ষ ও উপস্থিত দর্শনার্থীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অন্যদিকে, ভাইরাল এই মহিষটিকে নিজেদের এলাকায় নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা ও তার স্বজনরা।
খামার সূত্র জানায়, আলভিনো জাতের মহিষটির চুল ও চোখ অনেকটা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় আদর করে এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মুহূর্তেই এটি ভাইরাল হয়ে ওঠে।
গত ১০ মে একটি অনলাইন সংবাদমাধ্যমে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের ৭০০ কেজি ওজনের মহিষ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে ভাইরাল হওয়ার আগেই রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা সামির প্রতি কেজি ৫৫০ টাকা দরে মহিষটি কিনে নেন।
মহিষটিকে এক নজর দেখতে নারায়ণগঞ্জের খামারে ভিড় করেন শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষ। বরিশাল, কুমিল্লাসহ দূর-দূরান্ত থেকেও অনেকে মহিষটি দেখতে আসেন। কেউ কেউ কিনতে না পেরে হতাশাও প্রকাশ করেন।
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নেয় ‘ডোনাল্ড ট্রাম্প’। রয়টার্স, দ্য টেলিগ্রাফ, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর, গালফ নিউজসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে মহিষটিকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।
রাবেয়া এগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা বলেন, “ডোনাল্ড ট্রাম্পকে বিদায় দিতে কষ্ট লাগছে। তবে কুরবানির মূল শিক্ষা ত্যাগ। তাই আবেগ নিয়েই তাকে বিদায় জানাতে হয়েছে। আমরা আজীবন তাকে মনে রাখব।”
ক্রেতা সামির জানান, “অনেক আগেই মহিষটি কিনেছিলাম। পরে এটি ভাইরাল হয়ে যায়। এখন আমাদের এলাকাতেও সবাই মহিষটিকে দেখার জন্য অপেক্ষা করছে।”
এনএফ৭১/ওতু
বিষয়:
