সড়ক দখল করে বসানো পশুর হাট সরালো ডিএনসিসি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৯:০৯ পিএম
রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন সড়কে কোরবানির পশু রাখার ঘটনায় অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সোমবার হাট পরিদর্শনে গিয়ে বিষয়টি দেখে ক্ষোভ প্রকাশ করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
পরিদর্শনকালে উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক ডাইভারশন দিয়ে পশু বেঁধে রাখা দেখতে পান তিনি। এসময় তিনি দায়িত্বরতদের দ্রুত সড়ক থেকে সব পশু সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ দেন।
তিনি স্পষ্টভাবে জানান, কোনো অবস্থাতেই সড়কে হাট সম্প্রসারণ করা যাবে না। নির্দেশ অমান্য করলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করারও নির্দেশ দেন ডিএনসিসি প্রশাসক।
হাটের ইজারাদার পক্ষ থেকে জানানো হয়, সকালে বৃষ্টির কারণে কিছু পশু সাময়িকভাবে মেট্রোরেল স্টেশনের নিচে রাখা হয়েছিল। তবে ডিএনসিসির নির্দেশ পাওয়ার পর সেগুলো দ্রুত সরিয়ে নেওয়া হয়।
এর আগে সকালে গাবতলী পশুর হাটসহ রাজধানীর ৩০০ ফিট, বেরাইদ ও স্বদেশ প্রপার্টিজ এলাকায় স্থাপিত অস্থায়ী পশুর হাট পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক। এসময় তিনি হাসিলের নামে অতিরিক্ত অর্থ আদায় না করার নির্দেশ দেন এবং হাটে নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
