পোশাকবিধি নির্দেশনা প্রত্যাহার করল বাংলাদেশ বেতার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৯:০৭ পিএম

সংগৃহীত

সংবাদ উপস্থাপকদের পোশাক নিয়ে জারি করা নির্দেশনা প্রত্যাহার করেছে বাংলাদেশ বেতার। বিতর্কের মুখে আগের সিদ্ধান্ত থেকে সরে এসে রোববার (২৪ মে) নতুন অফিস আদেশে ওই নির্দেশনা বাতিল করা হয়।

প্রতিষ্ঠানটির মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহীদ স্বাক্ষরিত আদেশে জানানো হয়, উপস্থাপকদের পোশাক সংক্রান্ত পূর্ববর্তী নির্দেশনা আর কার্যকর থাকবে না।

এর আগে গত ৪ মে জারি করা এক নির্দেশনায় সংবাদ বুলেটিনে অংশ নেওয়া উপস্থাপকদের জন্য নির্দিষ্ট পোশাকবিধি নির্ধারণ করা হয়েছিল। সেখানে নারী উপস্থাপকদের শাড়ি বা ওড়নাসহ সালোয়ার-কামিজ পরার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি বড় টিপ ব্যবহার ও ওড়না পরার ধরন নিয়েও কিছু নির্দেশনা ছিল।

পুরুষ উপস্থাপকদের ক্ষেত্রে ফুলহাতা শার্ট ও টাই পরার কথা বলা হয়। বিশেষ দিবসে পাঞ্জাবি পরার সুযোগ থাকলেও টি-শার্ট ও গেঞ্জি পরা নিষিদ্ধ করা হয়েছিল।

নির্দেশনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই এটিকে অপ্রয়োজনীয় এবং কিছু ক্ষেত্রে বৈষম্যমূলক হিসেবে উল্লেখ করেন।

সমালোচকদের মতে, সংবাদ উপস্থাপনায় মূল গুরুত্ব হওয়া উচিত উপস্থাপকের দক্ষতা, ভাষা ও পেশাদারিত্ব—পোশাকের বিধিনিষেধ নয়। বিতর্কের পর অবশেষে আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে বাংলাদেশ বেতার।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top