বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৯:০২ পিএম
বাংলাদেশের জন্য আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একই সঙ্গে দেশটিতে বার্ষিক ঋণ সহায়তা প্রায় ২০ শতাংশ বাড়ানোর কথাও জানিয়েছে সংস্থাটি।
সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক বৈঠকে এ তথ্য তুলে ধরেন এডিবি সভাপতি মাসাতো কান্দা। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।
এডিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে ২০২৬ সালের বার্ষিক প্রতিশ্রুতি কর্মসূচির আওতায় প্রায় ১.৪ বিলিয়ন ডলারের ঋণচুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
এডিবি সভাপতি মাসাতো কান্দা বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ নতুন ধাপে প্রবেশ করছে। স্থিতিশীলতা বজায় রাখা, নতুন প্রবৃদ্ধির খাত তৈরি এবং বহুমুখী ও সহনশীল অর্থনীতি গড়ে তুলতে এডিবি সহযোগিতা অব্যাহত রাখবে।
সংস্থাটি জানায়, ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ নামে নতুন কর্মসূচির আওতায় এই ৫ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে। এর মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক বৈষম্য কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, বছরে গড়ে প্রায় ১ বিলিয়ন ডলার করে অর্থায়ন দেওয়া হবে, যা এডিবির বিদ্যমান ঋণ সহায়তার কাঠামোর মধ্যেই থাকবে।
বর্তমানে বাংলাদেশে সংস্থাটির বার্ষিক সার্বভৌম ঋণ প্রতিশ্রুতি প্রায় ২ বিলিয়ন ডলার। মধ্যমেয়াদে এটি বাড়িয়ে ২.৪ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
এডিবি আরও জানিয়েছে, বৈশ্বিক জ্বালানি ও পরিবহন খাতে মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে। পাশাপাশি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ২০ লাখ ডলারের কারিগরি সহায়তাও দেওয়া হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:
