ঈদে কোথায় নামাজ আদায় করবেন বিএনপির শীর্ষ নেতারা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৭:৩৯ পিএম

সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে ঘিরে সারাদেশে শুরু হয়েছে উৎসবের আমেজ। গরু কেনাবেচায় জমে উঠেছে হাট-বাজার। এরই মধ্যে বিএনপির শীর্ষ নেতারা কোথায় ঈদের নামাজ আদায় করবেন, সে তথ্যও জানা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন। রোববার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, সমাজকল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং জাতীয় সংসদের চিফ হুইপ ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন বলে জানা গেছে।

অন্যদিকে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে ঈদ করবেন। স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ঈদের নামাজ আদায় করবেন।

এ ছাড়া জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ভোলায় এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনায় নিজ নিজ এলাকায় ঈদের জামাতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করবেন বলেও জানা গেছে।

দলীয় সূত্র আরও জানিয়েছে, অধিকাংশ মন্ত্রী ও সংসদ সদস্য নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করবেন। ঈদের নামাজ শেষে ঢাকায় অবস্থানরত শীর্ষ নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

তবে এ বিষয়ে এখনো বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top