ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও নৈরাজ্যে সড়কে ‘মৃত্যুর মিছিল’:যাত্রী কল্যাণ সমিতি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৪:৩০ পিএম

সংগৃহীত

ঈদুল আজহাকে কেন্দ্র করে বাস মালিকদের দেওয়া অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় সড়কে ‘মৃত্যুর মিছিল’ শুরু হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সোমবার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদযাত্রায় চলমান নৈরাজ্য, অতিরিক্ত ভাড়া আদায় এবং ঝুঁকিপূর্ণ পরিবহন ব্যবস্থার কারণে সাধারণ যাত্রীদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।

তিনি দাবি করেন, বাস মালিক সমিতি অতিরিক্ত ভাড়া বন্ধের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়ন না হওয়ায় ঈদ মৌসুমে সড়কে প্রাণহানির ঘটনা বাড়ছে। এ অবস্থায় দ্রুত অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে নিম্ন আয়ের মানুষ বাধ্য হয়ে কম খরচে ঝুঁকিপূর্ণ পরিবহন ব্যবহার করছেন। এতে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।

বিবৃতিতে যাত্রীদের উদ্দেশে বলা হয়, ঈদের সময় বাসের ছাদে, পণ্যবাহী ট্রাক বা খোলা ট্রাকে এবং ট্রেনের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে ফিটনেসবিহীন যানবাহনে না ওঠার আহ্বান জানানো হয়।

সংগঠনটি সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি দুর্ঘটনার কথাও উল্লেখ করে জানায়, স্বল্প ভাড়ায় রডবোঝাই ট্রাকে যাত্রার সময় যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাক উল্টে ১৭ জন নিহত হন এবং নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ছাদে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়।

যাত্রী কল্যাণ সমিতির মতে, প্রতি ঈদে অতিরিক্ত ভাড়ার চাপ ও পরিবহন সংকটের কারণে শ্রমজীবী মানুষ ঝুঁকিপূর্ণ যানবাহন ব্যবহার করতে বাধ্য হন, যা প্রাণহানির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

তারা অভিযোগ করে, বারবার দুর্ঘটনা ঘটলেও শ্রমজীবী ও সাধারণ মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ঘাটতি রয়ে গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top