ঢাকায় স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালুর তাগিদ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১১:৪৭ পিএম

সংগৃহীত

রাজধানী ঢাকায় স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা দ্রুত কার্যকর করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সিগনালিং সিস্টেম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে এ তথ্য জানান ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম।

তিনি জানান, ধাপে ধাপে রাজধানীতে অটো ট্রাফিক সিগন্যাল চালুর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্ধারিত লক্ষ্যের দুই-তৃতীয়াংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, বাকি অংশ ঈদের পর বাস্তবায়ন করা হবে। প্রাথমিকভাবে ২২টি স্থানে এই ব্যবস্থা চালু করা হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, স্বয়ংক্রিয় সিগন্যাল চালু হলে রাজধানীর যানজট অনেকটাই কমে আসবে। পাশাপাশি রিকশা ব্যবস্থাপনা ও হকার নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে কিছু কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং ঈদের পর তা আরও জোরদার করা হবে।

তিনি আরও জানান, গাবতলী থেকে পোস্তা সড়ককে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যে বিকল্প রুট হিসেবে ব্যবহার উপযোগী করার বিষয়েও প্রধানমন্ত্রী তাগিদ দিয়েছেন। ঈদের পর সড়কটি পরিদর্শনের সম্ভাবনাও রয়েছে।

আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনা ১২ ঘণ্টার মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে সিটি কর্পোরেশন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top