সবুজ জ্বালানি ও টেকসই ভবিষ্যতের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১১:৪৫ পিএম

সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ধীরে ধীরে পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার দিকে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।

আজ সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এটি শুধু বিদ্যুৎ উৎপাদনের একটি উদ্যোগ নয়, বরং দেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক। জাতীয় সংসদ ভবনে ১ মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ একটি স্পষ্ট বার্তা দিচ্ছে—দেশ সবুজ ও টেকসই জ্বালানির পথে এগোচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, লুই আই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবন আমাদের গণতন্ত্রের প্রতীক। সেই ভবনের ছাদে সৌরশক্তির ব্যবহার প্রমাণ করে, নেতৃত্ব শুধু নীতিতে নয়, বাস্তব কাজেও প্রতিফলিত হতে হয়।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের পথে এগোচ্ছে। শিল্পায়ন ও অর্থনীতি সম্প্রসারণের সঙ্গে বিদ্যুতের চাহিদা বাড়লেও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় ও নদীভাঙন দেশের বাস্তব সমস্যা বলেও তিনি মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, সৌরশক্তি বাংলাদেশের জন্য একটি বিশাল সম্ভাবনা। প্রতিদিন গড়ে পর্যাপ্ত সৌর বিকিরণ পাওয়া যায়, যা দেশের ছাদ, শিল্প এলাকা ও উপকূলীয় অঞ্চলকে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্বপূর্ণ উৎসে পরিণত করতে পারে।

তিনি আরও বলেন, সৌরবিদ্যুতের প্রযুক্তি উন্নয়ন ও ব্যয় হ্রাস পাওয়ায় এটি এখন পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবেও কার্যকর সমাধান।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, জাতীয় সংসদ ভবনের এই উদ্যোগ দেশের অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। সবাই যদি পরিচ্ছন্ন জ্বালানির পথে এগিয়ে আসে, তবে বাংলাদেশ দ্রুতই একটি টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে।

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top