মহাসড়কে ছয় দিন ট্রাক-লরি চলাচল বন্ধ: ডিএমপি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১১:৪১ পিএম

সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা ঘোষণা করেছে। একই সঙ্গে কোরবানির পশুর হাটকেন্দ্রিক যানজট নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।

রোববার (২৪ মে) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী ২৫–২৭ মে এবং ২৯–৩১ মে—মোট ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে পশুবাহী যান, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি পরিবহনকারী যান এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। একই সঙ্গে রুট পারমিটবিহীন বাস চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।

ঈদযাত্রার চাপ সামাল দিতে ২৫, ২৬ ও ২৭ মে উত্তরার আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে ধউর ব্রিজ পর্যন্ত সড়ক একমুখী থাকবে। এই সময়ে শুধুমাত্র ঢাকার বাইরে যাওয়া যানবাহন চলাচল করতে পারবে, আর ঢাকায় প্রবেশের জন্য বিকল্প রুট ব্যবহার করতে হবে।

ডিএমপি আরও জানিয়েছে, আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে বাসগুলো সরাসরি গন্তব্যে যাবে এবং সড়কে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করা যাবে না। অনুমোদিত কাউন্টার ছাড়া রাস্তা থেকে যাত্রী ওঠানো বা নামানো সম্পূর্ণ নিষিদ্ধ।

যানজট কমাতে জরুরি প্রয়োজন ছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে বনানী–আব্দুল্লাহপুর, যাত্রাবাড়ী–সাইনবোর্ড, শ্যামলী–গাবতলী, ফুলবাড়িয়া–বাবুবাজার ব্রিজ এবং আব্দুল্লাহপুর–ধউর ব্রিজ সড়ক।

পশুর হাটকেন্দ্রিক নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত হাটের বাইরে সড়কে পশু কেনাবেচা, লোড-আনলোড বা পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

ডিএমপি নগরবাসী, চালক ও সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে, যাতে ঈদযাত্রা হয় স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top