রামিসা হত্যা মামলার বিচার ৫-৭ দিনের মধ্যেই শুরু হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৯:১৬ পিএম

সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যেই শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে।

রোববার (২৪ মে) দুপুরে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মামলার অভিযোগপত্র (চার্জশিট) আজই আদালতে জমা দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত সময়ের মধ্যেই বিচার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।

তিনি বলেন, “ঘটনার মাত্র সাত ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত ডিএনএ পরীক্ষা, ময়নাতদন্ত ও অন্যান্য ফরেনসিক রিপোর্ট সংগ্রহ করে গত রাতেই চার্জশিট প্রস্তুত করা হয়েছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রয়োজনে দ্রুত বিচার নিশ্চিতে বিশেষ আদালতের ছুটিও বাতিল করা হতে পারে।

এদিকে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে রোববার আদালতে হাজির করা হয়েছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইতোমধ্যে ডিএনএ পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে এবং সেগুলো আদালতে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে উপস্থাপন করা হবে।

গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে আট বছর বয়সী রামিসার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি দেশজুড়ে তীব্র ক্ষোভ ও আলোড়নের সৃষ্টি করে।

পরবর্তীতে ২০ মে নারায়ণগঞ্জ থেকে প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি অপরাধের দায় স্বীকার করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top