তামাকপণ্যে কর বাড়ানোর সুপারিশ, অর্থমন্ত্রীর কাছে ২৬ সাংসদের ডিও লেটার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৬:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সিগারেটসহ সব ধরনের তামাকপণ্যের ওপর কার্যকর কর ও মূল্য বৃদ্ধি করার সুপারিশ করেছেন ২৬ জন সংসদ সদস্য। এ লক্ষ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে একটি আধা সরকারি পত্র (ডিও লেটার) হস্তান্তর করা হয়েছে।

রোববার (২৪ মে) সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিন, সানসিলা জেবরিন, ফেরদৌসী আহমেদ, আরিফা সুলতানা ও নেওয়াজ হালিমা আরলী ২৬ জন সাংসদের পক্ষে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্বাক্ষরিত ডিও লেটারটি হস্তান্তর করেন।

ডিও লেটারে সিগারেটের নিম্ন ও মধ্যম স্তর একীভূত করে প্রতি ১০ শলাকার মূল্য ১০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এছাড়া উচ্চ স্তরের সিগারেটের মূল্য ১৪০ টাকা এবং প্রিমিয়াম স্তরের মূল্য ২০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়। একইসঙ্গে প্রতি ১০ শলাকার প্যাকেটে ৪ টাকা সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাবও দেওয়া হয়েছে।

এছাড়া ফিল্টারবিহীন ২৫ শলাকার বিড়ির খুচরা মূল্য ৩০ টাকা নির্ধারণ, প্রতি ১০ গ্রাম জর্দার মূল্য ৬০ টাকা এবং প্রতি ১০ গ্রাম গুলের মূল্য ৩৫ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

ডিও লেটারে উল্লেখ করা হয়, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে শুধু সিগারেট খাত থেকেই প্রায় ৮৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় সম্ভব হবে। পাশাপাশি প্রায় ৫ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত হবে এবং প্রায় ৩ লাখ ৭২ হাজার তরুণ ধূমপান শুরু করা থেকে নিরুৎসাহিত হবে।

সংসদ সদস্যরা মনে করেন, তামাকপণ্যে কর বৃদ্ধি একদিকে যেমন সরকারের রাজস্ব আয় বাড়াবে, অন্যদিকে জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 
 


বিষয়:



Top