রামিসা হত্যার ফরেনসিক প্রতিবেদনে উঠে এলো গা শিউরে ওঠা তথ্য
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৬:৫১ পিএম
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তার হত্যা মামলায় নতুন মোড় এনেছে ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শিশুটিকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল এবং এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে।
শনিবার সিআইডির ফরেনসিক বিভাগ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল তদন্ত কর্মকর্তার কাছে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রামিসাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজ রোববারের মধ্যেই আদালতে চার্জশিট জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে তদন্ত সংক্রান্ত তথ্য সিডিএমএস সফটওয়্যারে আপলোড ও অন্যান্য আনুষ্ঠানিক কাজ সম্পন্ন করা হচ্ছে।
চার্জশিটে প্রধান আসামি সোহেল রানা ছাড়াও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হচ্ছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
এর আগে গত বুধবার আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সোহেল রানা অপরাধের দায় স্বীকার করেন। তিনি জানান, ঘটনার আগে তিনি মাদক সেবন করেছিলেন এবং এরপর শিশুটিকে ধর্ষণ ও হত্যা করেন।
এ ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতে আইন মন্ত্রণালয় বিশেষ উদ্যোগ নিয়েছে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনার জন্য অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আইনমন্ত্রী জানিয়েছেন, ঈদের ছুটি শেষে মামলার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে।
গত ১৯ মে সংঘটিত এই নৃশংস ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
