আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৪:৫২ পিএম

ছবি: সংগৃহীত

বাংলা সাহিত্য, সংগীত এবং সাম্যের চেতনায় অনুপ্রেরণার প্রতীক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ পালিত হচ্ছে। বিদ্রোহ, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার এই কবিকে স্মরণে রাজধানী ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহের ত্রিশাল, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, নজরুল সংগীত পরিবেশনা এবং স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে সরকারিভাবেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহের ত্রিশালে। সেখানে কবির স্মৃতিবিজড়িত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও নজরুল একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন, আলোচনা সভা ও সংগীত পরিবেশনা চলছে।

রাজধানী ঢাকায় বাংলা একাডেমিতে জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার, নজরুল পুরস্কার প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক আলোচনা এবং নজরুল সংগীত পরিবেশিত হচ্ছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে “দ্রোহের কবি, প্রাণের কবি” শিরোনামে তিন দিনব্যাপী আয়োজনের শেষ দিন আজ। জাতীয় নাট্যশালায় দেশের খ্যাতিমান শিল্পীরা সংগীত, আবৃত্তি ও নৃত্যনাট্য পরিবেশন করছেন।

এ ছাড়া নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে রাজধানীতে আলোচনা সভা, কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনও নানা কর্মসূচি পালন করছে।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতায়, কবির স্ত্রী প্রমীলার স্মৃতিবিজড়িত স্থানে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আয়োজন করা হয়েছে।

অন্যদিকে কক্সবাজারসহ বিভিন্ন জেলায় সরকারি গণগ্রন্থাগার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো বইপাঠ, রচনা প্রতিযোগিতা, বই প্রদর্শনী এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে নানা আয়োজন করছে।

উল্লেখ্য, ১৮৯৯ সালের ২৪ মে বর্ধমান জেলার চুরুলিয়ায় জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্য ও সংগীতে তার অসামান্য অবদান, পাশাপাশি সাম্য, মানবতা ও বিদ্রোহের বাণী আজও বাঙালির চেতনায় গভীরভাবে প্রোথিত।

এনএফ৭১/একে



বিষয়:



Top