আজ শেষ কর্মদিবস, কাল থেকে শুরু হচ্ছে ৭ দিনের ঈদের ছুটি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৪:২৮ পিএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। আজ রবিবার ঈদের আগে শেষ কর্মদিবস পার করছেন তারা। আগামীকাল সোমবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। ফলে আজ অফিস শেষ করেই অনেক চাকরিজীবী বাড়ির উদ্দেশে রওনা দেবেন।
এ বছর আগামী ২৮ মে বৃহস্পতিবার দেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে সরকার আগেভাগেই ছুটির সময়সূচি নির্ধারণ করেছে। পূর্ব নির্ধারিত ছুটির সঙ্গে বিশেষ সিদ্ধান্তে আরও একদিন যুক্ত হওয়ায় এবার সাত দিনের দীর্ঘ ছুটি মিলছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঈদের মূল ছুটির সঙ্গে আগের ও পরের ছুটি মিলিয়ে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর আগে ঈদযাত্রা সহজ করতে মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে সাধারণ ছুটি ঘোষণা এবং ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে দীর্ঘ ছুটির মধ্যেও জরুরি সেবা চালু থাকবে। হাসপাতাল, চিকিৎসাসেবা, অগ্নিনির্বাপণ, বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট ও ডাকসেবা এই ছুটির আওতার বাইরে থাকবে। এসব সেবার সঙ্গে যুক্ত কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করবেন।
এনএফ৭১/একে
বিষয়:
