আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০২:১৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন। আগামী ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এ ঘোষণা কার্যকর থাকবে।
শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশাল এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনার পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জাগরণ ঘটাতে হবে। এ ক্ষেত্রে কবি নজরুলের জীবন ও কর্ম জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, কবি নজরুলের সাহিত্য, জীবনদর্শন ও চিন্তাধারা বিশ্বজুড়ে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। নতুন প্রজন্মের কাছে তার আদর্শ পৌঁছে দিতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এ সময় ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করা যায় কি না, তা যাচাই করতে সংস্কৃতি মন্ত্রণালয় ও পর্যটন বিভাগের প্রতি আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, “বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক ও অভিন্ন সত্তা। তিনি আমাদের জাতীয় চেতনা ও জাতীয়তাবাদের প্রতীক।”
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ত্রিশালের সংসদ সদস্য মাহবুবুর রহমান। এছাড়া স্মারক বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য, সম্প্রচার ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামসহ অনেকে।
এ সময় নজরুল গবেষণা ও কবির জীবনদর্শন নিয়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দুই গুণীজনের হাতে নজরুল পদক ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। পরে তিনি নজরুল স্মরণিকার মোড়ক উন্মোচন করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এনএফ৭১/একে
বিষয়:
