নির্বাচনী ব্যয়ের হিসাব দেয়নি বিএনপিসহ ২৩ দল, সময় বাড়ালো ইসি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০১:৪৮ এএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৫০টি রাজনৈতিক দলের মধ্যে ২৩টি দল এখনো নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি। এই তালিকায় রয়েছে ক্ষমতাসীন বিএনপি, জামায়াতে ইসলামীর জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বেশ কয়েকটি নিবন্ধিত রাজনৈতিক দল।

এ কারণে দলগুলোর জন্য আগামী ১৩ জুন পর্যন্ত সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে মাত্র ২৭টি দল ব্যয়ের হিসাব জমা দিয়েছে। বাকি ২৩টি দল এখনো হিসাব দাখিল করেনি।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হয়। গত ১৩ মে ছিল হিসাব জমার শেষ দিন। তবে আইনে এক মাস সময় বাড়ানোর সুযোগ থাকায় কমিশন নতুন সময় নির্ধারণ করেছে।

যেসব দল এখনো ব্যয়ের হিসাব জমা দেয়নি, সেগুলোর মধ্যে রয়েছে বিএনপি, এনসিপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাগপা, বিএমএল, জেএসডি, এনডিএম, গণফোরাম, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলনসহ মোট ২৩টি দল।

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেও হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে জরিমানা এবং পরবর্তীতে নিবন্ধন বাতিলের মতো ব্যবস্থাও নেওয়া হতে পারে।



বিষয়:



Top