রামিসা হত্যার বিচার এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০১:১২ এএম

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে শিশু রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করে এক মাসের মধ্যেই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার (২৩ মে) দুপুরে ত্রিশালের কানহর এলাকার ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিশু ও নারী নির্যাতনের মতো অপরাধ বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। রামিসা হত্যাকাণ্ডকে তিনি “হৃদয়বিদারক” উল্লেখ করে বলেন, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশে কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে এবং আইনের শাসন বাধাগ্রস্ত করছে। এ ধরনের কর্মকাণ্ডের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ ও কৃষকরা।

সমাবেশে প্রধানমন্ত্রী দাবি করেন, নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে সরকার উন্নয়ন, কৃষি ও কর্মসংস্থান নিয়েই কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

এর আগে সমাবেশে বক্তব্য দেন স্থানীয় যুবদলের সাবেক সভাপতি শাজাহান। তিনি জানান, ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই খাল খনন কার্যক্রম উদ্বোধন করেছিলেন, তখনও তিনি উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে প্রধানমন্ত্রী ত্রিশালের দরিরামপুর নজরুল মঞ্চের উদ্দেশে রওনা দেন। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।



বিষয়:



Top