সচিবের স্বাক্ষর ছাড়াই প্রকল্প ফাইল অনুমোদন করতেন আসিফ মাহমুদ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ১০:১৩ পিএম
স্থানীয় সরকার বিভাগে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ দল) এবং অন্তর্বর্তী সরকারের আমলে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। শনিবার (২৩ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মীর শাহে আলম।
তিনি জানান, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম পর্যালোচনা করে অনিয়ম শনাক্ত করতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে গঠিত কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে মীর শাহে আলম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই একটি প্রকল্প ফাইল অনুমোদন করেছিলেন।
এছাড়া তিনি পিরোজপুরে উন্নয়ন প্রকল্পে বড় ধরনের অনিয়মের অভিযোগ তুলে বলেন, একটি প্রকল্পের টেন্ডার সম্পন্ন হলেও কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এতে জেলার উন্নয়ন কার্যক্রম দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি আরও জানান, দ্রুত পিরোজপুর পরিদর্শন করে বন্ধ থাকা প্রকল্পগুলো চালুর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় রাস্তা ও সেতু নির্মাণ প্রকল্পেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
