আগে চিকিৎসা পরে হামের প্রাদুর্ভাবের জন্য দোষীদের বিচার: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৯:৩৫ পিএম

সংগৃহীত

সারা দেশে হামের প্রাদুর্ভাবের জন্য পূর্ববর্তী সরকারের গাফিলতিকে দায়ী করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে তিনি বলেন, এ মুহূর্তে দোষীদের বিচারের চেয়ে আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করাকেই সরকার বেশি গুরুত্ব দিচ্ছে।

শনিবার (২৩ মে) সচিবালয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) আয়োজিত স্বাস্থ্য সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের সরকারের গাফিলতির কারণেই দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে এখন মূল লক্ষ্য হচ্ছে আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা।

তিনি আরও জানান, চিকিৎসকদের আসন্ন ঈদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং হাসপাতালগুলোকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

টিকাদান কর্মসূচির অগ্রগতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে ১ কোটি ৮০ লাখ শিশুকে হাম প্রতিরোধী টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হলেও ইতোমধ্যে ১ কোটি ৮৪ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে।

ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভেন্টিলেশন, আইসিইউ ও এনআইসিইউ সংকট নিরসনে রেড ক্রিসেন্টের সহায়তায় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে জানানো হয়, আইএফআরসি সমন্বয়ের মাধ্যমে ২ হাজার ৪০০ দরিদ্র রোগীকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এ সময় অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আক্রান্ত শিশুদের জনসমাগমপূর্ণ স্থানে বা আত্মীয়স্বজনের বাড়িতে না নেওয়াই উচিত।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top