ডিএনএ টেস্ট সম্পন্ন, রোববারের মধ্যেই রামিসা হত্যার চার্জশিট
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৮:৩৬ পিএম
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় শিশু রামিসা হত্যা মামলায় ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে। তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আগামীকাল (২৪ মে) আদালতে চার্জশিট দাখিল করা হতে পারে।
মামলার তদন্ত কর্মকর্তা অহিদুজ্জামান জানান, ডিএনএ রিপোর্ট হাতে পেলেই চার্জশিট প্রস্তুত করা সম্ভব হবে এবং রোববারের মধ্যেই তা দাখিলের পরিকল্পনা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি সোহেল রানা ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তার জবানবন্দি রেকর্ড করেন এবং পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, গত ১৯ মে সকালে শিশু রামিসা ঘর থেকে বের হলে তাকে কৌশলে একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন এবং পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
পুলিশের তথ্যমতে, তথ্যপ্রযুক্তির সহায়তায় পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি দ্রুত বিচার প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।
এনএফ৭১/ওতু
বিষয়:
