চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৮:০৩ পিএম
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, কোরবানির পশুর বাজারকে কেন্দ্র করে চোরাই পথে দেশে গরু প্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে বিজিবি।
শনিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, কোরবানির পশুর হাটে কোনো ধরনের অনিয়ম যাতে না হয়, সে জন্য সরকার কঠোর নজরদারি চালাচ্ছে। পাশাপাশি জাল টাকা শনাক্তে প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছে।
তিনি আরও জানান, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কোরবানির পশুর হাট বসেছে। দেশের চাহিদা মিটিয়ে এবারও বিপুলসংখ্যক পশু উদ্বৃত্ত থাকবে বলে সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর কোরবানির জন্য দেশে সম্ভাব্য চাহিদা রয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি পশু। এর বিপরীতে দেশে প্রস্তুত রয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি পশু। ফলে উদ্বৃত্ত থাকবে প্রায় ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু।
এর মধ্যে কোরবানিযোগ্য গরু ও মহিষ রয়েছে ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি, ছাগল ও ভেড়া রয়েছে ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি এবং অন্যান্য প্রজাতির প্রাণী রয়েছে ৫ হাজার ৬৫৫টি।
এনএফ৭১/একে
বিষয়:
