নজরুল-জয়ন্তীর উদ্বোধনে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০২:২৩ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। এ সফরে তিনি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর সংবাদ শাখা জানিয়েছে, সকাল ৯টায় গুলশানের বাসা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এরপর দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোয় সংক্ষিপ্ত বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন। এ সময় তিন দিনব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
পরে বিকেল ৫টায় ত্রিশালের নজরুল মিলনায়তনে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
সবশেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার।
এনএফ৭১/একে
বিষয়:
