রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল হবে রোববার: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৭:১৬ পিএম
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় আগামী রোববার আদালতে অভিযোগপত্র দাখিল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সচিবালয়ে সরকারি কাজ শেষে রাতের দিকে মিরপুরের ১১ নম্বর এলাকার বি ব্লকে রামিসার বাসায় যান সরকারপ্রধান। এ সময় স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকও উপস্থিত ছিলেন। সরকারপ্রধান নিহত শিশুর পরিবারকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং অভিযুক্তের বিচার নিশ্চিতের আশ্বাস দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিহত শিশুর মা-বাবা ও বড় বোনের সঙ্গে কথা বলেছেন এবং তাদের সান্ত্বনা দিয়েছেন। তিনি জানান, পুলিশ দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। অভিযুক্ত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।
ডিএনএ পরীক্ষা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের অনুমতি নিয়ে অপরাধ তদন্ত বিভাগ পরীক্ষার কাজ চালিয়ে যাচ্ছে। রোববার দুপুরের মধ্যে পরীক্ষা শেষ হবে বলে আশা করা হচ্ছে। এরপরই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে। একইসঙ্গে দ্রুত বিচার শেষ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার চেষ্টা থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, শিশু ধর্ষণ ও হত্যার মতো ঘটনায় আইন সংশোধনের বিষয়েও সরকার উদ্যোগ নেবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী রামিসার বড় বোনের পড়াশোনার সব ব্যয় বহনের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি পরিবার যাতে নিরাপদে থাকতে পারে এবং শিশুটির ভবিষ্যৎ নিশ্চিত হয়, সে বিষয়েও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
গত মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবীর একটি বাসার খাটের নিচ থেকে সাত বছর বয়সী রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিবাদ দেখা দেয় এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।
এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে সোহেল রানাকেও গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে আদালতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয় সোহেল রানা।
এনএফ৭১/একে
বিষয়:
