রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের আইনজীবীরা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৬:২০ পিএম

ছবি: সংগৃহীত

শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি।

শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বারের সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান।

তিনি জানান, ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রামিসা হত্যা মামলার আসামির পক্ষে ঢাকা বারের কোনো আইনজীবী মামলা পরিচালনায় অংশ নেবেন না।

গত মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবী এলাকার একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার পর পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর আদালতে সোহেল রানা রামিসাকে ধর্ষণ ও হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তদন্তসংশ্লিষ্টরা জানান, সকালে বাসা থেকে বের হওয়ার পর রামিসাকে কৌশলে নিজের কক্ষে ডেকে নেয় সোহেল রানা। সেখানে তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে মরদেহ গোপনেরও চেষ্টা করা হয়।

পুলিশ আরও জানায়, ঘটনার পর স্থানীয় লোকজন সোহেল রানার স্ত্রীকে আটক করলেও অভিযুক্ত জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এনএফ৭১/একে



বিষয়:



Top