রামিসার বাবার কাঁধে হাত রেখে যা বললেন প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৪:৫৯ পিএম
ধর্ষণ ও হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তার-এর পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে মন্ত্রিসভার বৈঠক শেষে রাজধানীর পল্লবী এলাকায় রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান।
এ সময় রামিসার বাবার কাঁধে হাত রেখে প্রধানমন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার অবশ্যই হবে। তিনি জানান, অভিযুক্তকে ইতোমধ্যে আটক করা হয়েছে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, “আমিও একজন কন্যা সন্তানের বাবা। আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও কন্যা সন্তানের বাবা। একটি মেয়েশিশুর কষ্ট আমরা বুঝি।”
তিনি পরিবারকে আশ্বস্ত করে বলেন, আল্লাহর রহমতে তারা এই ঘটনার বিচার দেখতে পারবেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমানসহ আরও অনেকে।
এনএফ৭১/একে
বিষয়:
