রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট রোববার, দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির আশ্বাস
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৪:৩৩ পিএম
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় আগামী রোববার (২৪ মে) আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২১ মে) রাতে রামিসার বাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলে সান্ত্বনা দেন এবং দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বর্তমানে ডিএনএ পরীক্ষার কার্যক্রম চলছে। রোববার দুপুরের মধ্যে পরীক্ষার প্রক্রিয়া শেষ হলে সেদিনই আদালতে চার্জশিট দাখিল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, সরকার চায় দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে। পাশাপাশি শিশু ধর্ষণ ও হত্যার মতো ঘটনায় আইন সংশোধনের উদ্যোগও নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রধানমন্ত্রী রামিসার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তার বড় বোনের পড়াশোনার সম্পূর্ণ ব্যয় বহনের ঘোষণা দিয়েছেন বলেও জানান তিনি। পরিবারের পক্ষ থেকে দ্রুত ও সুষ্ঠু বিচার এবং বাকি সন্তানদের নিরাপদ ভবিষ্যতের দাবি জানানো হয়েছে।
গত মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে ৭ বছর বয়সী রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার খণ্ডিত মাথা। এ ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়।
ঘটনায় দায়ের করা মামলায় প্রথমে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে প্রধান অভিযুক্ত সোহেল রানাকেও গ্রেপ্তার করে পুলিশ। আদালতে দেওয়া জবানবন্দিতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিষয়:
