হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,৬৬১

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ মে ২০২৬, ০১:৪৪ এএম

ছবি: সংগৃহীত

দেশে ভয়াবহ আকার ধারণ করেছে হাম পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৩ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪ শিশু। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৬১ জন শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ৫৯ হাজার ২৭৯ জনের শরীরে। এ সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ২৭৫ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ২০৮ জনের শরীরে। এদিকে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৪০৭ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪২ হাজার ৩৩৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪০৫ জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৮৩ জনের। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৮ জনে।



বিষয়:



Top