‘চিৎকার শুনেছিলাম, বুঝিনি সেটা ওর ছিল’: রামিসার মা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ১০:৫৭ পিএম
রাজধানীর পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার মা পারভীন আক্তার। তিনি জানান, ঘটনার মুহূর্তে শোনা চিৎকারটি যে তার সন্তানের ছিল, তা তখন বুঝতে পারেননি।
বৃহস্পতিবার (২১ মে) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
পারভীন আক্তার বলেন, সকালে তিনি মেয়েকে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। দাঁত ব্রাশ ও স্কুল ড্রেস পরার জন্য রামিসাকে পাশের রুমে পাঠান। কিছুক্ষণ পরই ঘটে যায় ভয়াবহ ঘটনা।
তিনি জানান, “রামিসার বড় বোন চাচার বাসায় যাচ্ছিল। রামিসাও তার সঙ্গে যেতে চাইলে বোন তাকে বাসায় থাকতে বলে। পরে দরজা খোলার সঙ্গে সঙ্গেই তাকে টেনে নিয়ে যায়।”
মা আরও বলেন, ঘটনার সময় একটি চিৎকার শুনেছিলেন, কিন্তু সেটি কার তা বুঝতে পারেননি। পরে সন্দেহ হলে দরজায় বারবার ধাক্কা দিলেও কেউ খোলেনি।
ঘটনার সঙ্গে জড়িত হিসেবে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা–র নাম উঠে আসে। পরে তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তার–কেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, পুরো ঘটনার তদন্ত চলছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
