শিগগিরই সেনাসদস্যদের ব্যারাকে ফেরার আশা সেনাপ্রধানের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ১০:২৬ পিএম

সংগৃহীত

সেনাবাহিনীর সদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেছেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, “আশা করছি যে কিছু সময়ের মধ্যে আমরা সবাই ব্যারাকে ফেরত আসতে পারবো।”

বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাস–এ আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান জানান, বর্তমানে প্রায় ১৬ থেকে ১৭ হাজার সেনাসদস্য দেশের ৬২টি জেলায় বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছেন। তিনি বলেন, সরকারের প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী মাঠে থেকে দায়িত্ব পালন করছে, যার মধ্যে জ্বালানি ডিপোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা কার্যক্রমও রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের ২০ জুলাই থেকে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা মাঠপর্যায়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। পরিস্থিতি অনুযায়ী এই দায়িত্ব অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top