রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুরে শিক্ষার্থী-শিক্ষকদের বিক্ষোভ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ১০:২৬ পিএম
রাজধানীর মিরপুরে পপুলার মডেল হাই স্কুলের শিক্ষার্থী রামিসা আক্তার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বৃহস্পতিবার (২১ মে) সকালে মিরপুর-১১ এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলটি রামিসার বাসার সামনে থেকে শুরু হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভে অংশ নেয় মিরপুর এ এইচ মডেল স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা। তাদের অধিকাংশই ছিল ৮ থেকে ১০ বছর বয়সী শিশু, যারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ ও ‘জাস্টিস ফর রামিসা’ স্লোগান দেয়।
অংশগ্রহণকারীরা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার নিষ্পত্তি ও আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, এই ধরনের নৃশংস ঘটনায় বিচার দ্রুত না হলে অভিভাবকদের মধ্যে আতঙ্ক বাড়বে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হবে।
মিরপুর এ এইচ মডেল স্কুল–এর এক শিক্ষক বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত না হলে অভিভাবকদের মধ্যে আতঙ্ক আরও বাড়বে।
বিক্ষোভে অংশ নেওয়া অভিভাবকরাও এলাকায় শিশু নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সিসি ক্যামেরার যথাযথ ব্যবহার ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থার দাবি জানান।
মিছিল শেষে অংশগ্রহণকারীরা পুনরায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এনএফ৭১/ওতু
বিষয়:
