রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই: প্রধান নির্বাচন কমিশনার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৯:৪৭ পিএম
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য।
বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় নির্বাচন এখন বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান সরকার জনগণের সরকার উল্লেখ করে তিনি বলেন, সরকার দেশের কল্যাণ চায় এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনেও সহযোগিতা করবে বলে নির্বাচন কমিশনের বিশ্বাস।
এ সময় তিনি বলেন, নির্বাচন পরিচালনায় নানা ধরনের চ্যালেঞ্জ থাকলেও নির্বাচন কমিশন দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে।
অন্যদিকে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের চেয়ারম্যান রোহানা হেতিয়ারাসসি বলেন, পৃথিবীর কোনো নির্বাচনই পুরোপুরি নিখুঁত হয় না। তবে বাংলাদেশের অতীত নির্বাচনের তুলনায় সাম্প্রতিক নির্বাচন ছিল গুরুত্বপূর্ণ ও অংশগ্রহণমূলক। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন বলেও মন্তব্য করেন তিনি।
এনএফ৭১/একে
বিষয়:
