বৈঠকে বসছে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৭:১৯ পিএম
ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯০তম বৈঠক শুরু হচ্ছে কলকাতা-এ। বৃহস্পতিবার (২১ মে) শুরু হওয়া তিন দিনব্যাপী এই বৈঠক চলবে শনিবার (২৩ মে) পর্যন্ত।
বৈঠকে অংশ নিতে বুধবার কলকাতায় পৌঁছেছেন বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ আনোয়ার কাদীর।
দলে আরও রয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের প্রধান প্রকৌশলী সাজ্জাদ হোসেন, জেআরসির পরিচালক মো. আবু সৈয়দ, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া উইংয়ের পরিচালক মোহাম্মদ বাকি বিল্লাহ এবং পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রুমানুজ্জামান।
এ ছাড়া দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) মোহাম্মদ আলমগীর হোসেন এবং কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) মোহাম্মদ ওমর ফারুক আকন্দ বৈঠকে যোগ দেবেন।
ভারতের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেবেন দেশটির কেন্দ্রীয় পানিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব ও পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের এক প্রধান প্রকৌশলী।
এবারের বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর। ফলে মেয়াদ শেষ হওয়ার আগে এটিই দুই দেশের যৌথ নদী কমিশনের শেষ বৈঠক।
বৃহস্পতিবার বৈঠকের শুরুতেই বাংলাদেশের প্রতিনিধিদল যাবে মুর্শিদাবাদ-এ। সেখানে ফারাক্কা ব্যারাজ এলাকায় গঙ্গা নদীর পানিপ্রবাহ পরিমাপ করবেন তারা। পরে কলকাতায় ফিরে মূল বৈঠকে অংশ নেবেন প্রতিনিধিরা।
চুক্তি অনুযায়ী, শুষ্ক মৌসুমে গঙ্গার পানিপ্রবাহ ৭৫ হাজার কিউসেকের বেশি হলে ভারত পাবে ৪০ হাজার কিউসেক এবং বাকি পানি পাবে বাংলাদেশ। প্রবাহ ৭০ থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পাবে ৪০ হাজার কিউসেক। আর প্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ সমানভাবে পানি ভাগ করে নেবে।
এনএফ৭১/ওতু
বিষয়:
